লোকসংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে ভাওয়াইয়া গানকে জনপ্রিয় করে তুলতে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে ‘গাইবান্ধার গায়েন’ সিজন-২ ভাওয়াইয়া উৎসব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খাদিজা বেগম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকারসহ অন্যান্য অতিথিরা।
উৎসবের মঞ্চে জেলার সাত উপজেলার সাতজন শিল্পী তাঁদের সুর ও কণ্ঠে ভাওয়াইয়া গানের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। তাঁদের পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে উৎসবের আয়োজন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে গ্রামীণ লোকসংগীতের চর্চা ও প্রসার ঘটবে এবং নতুন প্রজন্মের কাছে ভাওয়াইয়া গানের ঐতিহ্য আরও জনপ্রিয় হয়ে উঠবে।


