কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর ওয়ারীতে বিক্ষোভ মিছিল করেছে ওয়ারী থানা যুবদল। মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এ মিছিলে যোগ দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মিছিল শেষে নভেম্বরের বাকি সময় এবং পুরো ডিসেম্বরজুড়ে রাজপথে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দেন তিনি।
মিছিলে অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ইশরাক হোসেন বলেন, নভেম্বরের বাকি সময় এবং বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে মুক্তিকামী জনগণ, যারা অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং বাংলাদেশের পক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে তারা রাজপথে সক্রিয় থাকবেন।
তিনি বলেন, গত কয়েক দিন ধরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুটিকয়েক ব্যক্তি রাজনীতির নামে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টায় কোনো লাভ হবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে পটকা ফুটিয়ে কোনো লাভ নেই। কোনটি আন্দোলন আর কোনটি পটকাবাজি, তা জনগণ ভালোভাবেই বোঝে।
ইশরাক আরও বলেন, ন্যায্য দাবির পক্ষে আন্দোলন এবং গণহত্যা, লুটপাট, ফ্যাসিবাদ, গুম-খুনের সঙ্গে জড়িত ও পলাতক রাজনৈতিক নিষিদ্ধ দলের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের পার্থক্যও জনগণ বোঝে।
তিনি বলেন, অতীতে যেভাবে দেশকে মুক্ত করার জন্য লড়াই করেছেন, তেমনি বর্তমান মুক্ত পরিবেশ বজায় রাখতেও আগামী কয়েক দিন সবাই রাজপথে থাকবেন। নাশকতাকারী বা সন্ত্রাসীরা যাতে জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার কথাও বলেন।
ইশরাক হোসেন বলেন, তারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান পরশুদিন সংসদীয় দলের সভায় সংসদ সদস্যদের মাধ্যমে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। ৭ নভেম্বরের ঐতিহাসিক র্যালির মাধ্যমে রাজপথে যে অবস্থান তৈরি হয়েছে, তা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।


