গাইবান্ধা সদর উপজেলার ১১ নম্বর গিদারী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ইউনিয়ন বিএনপির ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজন গাইবান্ধা সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ সময় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এদিকে, সংঘর্ষের প্রকৃত কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।


