গাইবান্ধার ফুলছড়িতে মিথ্যা, অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগে মো. শামসুজ্জোহা নামে এক সংবাদকর্মীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেছেন মো. মনির হোসেন (৩৫)। তিনি গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী। পাশাপাশি বৈধভাবে ব্যবসা পরিচালনা করেন বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
মামলার কপি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে অনলাইনভিত্তিক নিউজ পোর্টাল ‘গাইবান্ধার বুকে’ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘MD Shamsu Zzha’ নামের আইডি থেকে বাদী মনির হোসেনের ছবি সংবলিত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মনিরের অবৈধ সম্পদের পাহাড়’।
বাদীর অভিযোগ, প্রকাশিত সংবাদটি অসত্য, মিথ্যা ও বিভ্রান্তিকর। সংবাদ প্রকাশের আগে অভিযুক্ত যথাযথভাবে তথ্য যাচাই করেননি বলেও মামলার আবেদনে দাবি করা হয়েছে। এতে বাদী ও তাঁর পরিবারের সদস্যরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন এবং তাঁর ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা, পেশাগত সুনাম ও ব্যবসায়িক পরিচিতি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।
মামলার বিবরণে আরও বলা হয়েছে, বাদীর একটি ছোট শিশু পার্ক ও পৈতৃক সূত্রে পাওয়া জমিজমা রয়েছে। দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব ও ব্যবসা পরিচালনার মাধ্যমে তিনি সামাজিকভাবে পরিচিতি ও সুনাম অর্জন করেছেন। প্রকাশিত প্রতিবেদনের কারণে তাঁর পরিচিতজন ও ব্যবসায়িক মহলে বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বাদী দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন। মামলায় অভিযুক্ত হিসেবে মো. শামসুজ্জোহাকে উল্লেখ করা হয়েছে। মামলার নম্বর সি.আর. ২০৯/২০২৬ (ফুলছড়ি)।


