বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে
নিহত মাহিন মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে। বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে সে পরিবারের সঙ্গে খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া আবাসন পল্লীতে বসবাস করছিল।
মাহিনের বড় ভাই রাজু হাওলাদার জানান, তাদের বাবা পরিবার থেকে আলাদা হয়ে খুলনায় বসবাস করেন। এরপর তারা আবাসন পল্লীতে চলে আসেন। মাহিন আগে পড়াশোনা করলেও সংসারের অভাবের কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। সম্প্রতি গ্রামের মানুষের ডাকে নারিকেল ও সুপারি পাড়ার কাজ শুরু করে সে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় রহমান তালুকদারের বাড়িতে নারিকেল পাড়তে গাছে ওঠে মাহিন। গাছে ওঠার কিছুক্ষণ পর অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে।
পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে খুলনায় নেওয়ার পথেই মাহিনের মৃত্যু হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


