সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রচেষ্টায় ৬১টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাঙামাটি জেলা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধার করা এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটির বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয়।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, অফিসার ইনচার্জ (কোতোয়ালি) মো. জসীম উদ্দীন, ইনচার্জ, সাইবার ক্রাইম মনিটরিং সেল এইচ.এম. মাহমুদসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পুলিশ সুপার জানান, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে অঙ্গীকারবদ্ধ।
এদিকে, মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভুক্তভোগী মোবাইল ফোনের মালিকেরা তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পুলিশ সুপারসহ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
