রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্ত্তী ও তার পরিবারের সদস্যদের হত্যাসহ সারাদেশে হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং লোডশেডিং বন্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শহরের ১ নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি নেপালে বন্যায় শত শত মানুষের প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে সমাবেশে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সিপিবি গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদজামান রব্বানী, সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, রেবতী বর্মণ, সাদেকুল ইসলাম মাস্টার, মিতা হাসান, সুপ্রিয়া ঘোষ ও যোগেশ্বর বর্মণসহ অন্যরা।
বক্তারা বলেন, রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্ত্তী ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা বলেন, সারাদেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে ঘন ঘন লোডশেডিং বন্ধ, নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ ও সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে কলকারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ জানান বক্তারা।
বক্তারা গণপতি চক্রবর্ত্তীর পরিবার হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও সারাদেশে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
