গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার ৪ নং সাহাপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুলসিরঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তুলসিরঘাট গ্রামের পলাতক আসামি রউফ মিয়ার বসতবাড়ির শয়নকক্ষে কয়েকজন ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয় ও সেবনের সময় ডিবি পুলিশের হাতে আটক হন। গত ১৪ আগস্ট ২০২৬ বিকেল ৫টা ১৫ মিনিটে পরিচালিত এ অভিযানে মো. মুন্নাফ মিয়া (২২) ও শুভ চন্দ্র দাস (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মুন্নাফ মিয়ার পরিহিত লুঙ্গির ডান পাশের কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩০ পিস ইয়াবা এবং শুভ চন্দ্র দাসের প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি এবং পলাতক রউফ মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩৯, তারিখ ১৫ আগস্ট ২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
