গাইবান্ধার ফুলছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপি কিংবা সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী জড়িত নন বলে দাবি করেছে ফুলছড়ি উপজেলা বিএনপি।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার।
লিখিত বক্তব্যে আব্দুস সালাম সরকার বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অথচ একটি চিহ্নিত কুচক্রী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যে গত ১১ আগস্ট ওই অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও বলেন, বিএনপিকে বিতর্কিত করতে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ভাঙচুর চালানো হয়েছে। এর সঙ্গে বিএনপি কিংবা সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মীর কোনো সম্পর্ক নেই।
সংবাদ সংগ্রহের সময় একজন সংবাদকর্মী আহত হওয়ার ঘটনায়ও নিন্দা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো সাংবাদিকের ওপর এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে তারা সতর্ক থাকবেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা ঘটনার পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সহসভাপতি মোহাম্মদ মিলন মিয়া, ১ নম্বর কঞ্চিপাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদ সরকার, সদস্যসচিব ফারুক মিয়া, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জয়নাল আবেদীনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
