বাগেরহাটের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসবকে ঘিরে পুণ্যার্থীর ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকারের প্রস্তুতিকালে বিশ্বজিৎ রায় (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোলের কুতুবখালী বনাঞ্চল থেকে তাকে আটক করা হয়। আটক বিশ্বজিৎ রায় খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের বাসিন্দা।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, পাঁচ সদস্যের একটি হরিণ শিকারি দল দুবলার চরের রাস উৎসবে পুণ্যার্থীর ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করে। পরে তারা কুতুবখালীর গভীর বনে নাইলনের ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম ও আলোরকোলের বনরক্ষীরা যৌথ অভিযান চালান। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ফাঁদ ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে বিশ্বজিৎ রায়কে আটক করা হয়। তবে বাকি চারজন বনের গভীরে পালিয়ে যেতে সক্ষম হন।
পালিয়ে যাওয়া শিকারিদের আটক এবং সুন্দরবনে বন্যপ্রাণী শিকার প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।


