রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নানিয়ারচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন নানিয়ারচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, মো. ফারুক আহমেদ সাব্বির, চন্দ্রা চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ যুবদল, ছাত্রদল ও মহিলাদলসহ নানিয়ারচর উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসাধারণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় নানিয়ারচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। জেলা পরিষদ চেয়ারম্যানও নানিয়ারচরের উন্নয়ন ও জনকল্যাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
