জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার বিকেলে জাতীয় পার্টির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শহরের কাঠপট্টিতে অবস্থিত জাতীয় পার্টির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জাতীয় পার্টির কেন্দ্রীয় সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রশীদ সরকার, জেলা শাখার সভাপতি সরোয়ার হোসেন শাহীনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল থেকে জিএম কাদেরের বাড়িতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
পরে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন। তিনি বলেন, ষড়যন্ত্র ও হামলা চালিয়ে দেশের মানুষের মন থেকে জাতীয় পার্টিকে মুছে ফেলা সম্ভব নয়। তার দাবি, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার সূচনা হয়েছিল জাতীয় পার্টির শাসনামলে।
জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তিনি জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর সোমবার সকালে ঢাকার উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।


