আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বেসরকারি এনজিও সংস্থা ইউয়েভের পিভিএডব্লিউজি-সিএইচটি প্রকল্পের উদ্যোগে ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ প্রতিপাদ্যে বুধবার (১২ আগস্ট) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাশ পুরকায়স্থ।

প্রধান অতিথির বক্তব্যে রাজিব দাশ পুরকায়স্থ বলেন, একটি দেশের মূল চালিকাশক্তি হলো যুবসমাজ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে এ দেশের যুবকেরা বুকের তাজা রক্ত দিয়েছে। আগামীর বাংলাদেশকে যুবসমাজ কোথায় দেখতে চায়, তার ওপর অনেক কিছু নির্ভর করবে। একই সঙ্গে যুবসমাজকে মাদকসহ সব ধরনের অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে।
প্রকল্পের মেন্টর টুম্পা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপন চাকমা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, নানিয়ারচর থানার প্রতিনিধি এসআই মোয়াজ্জেম হোসেন, প্রকল্প সমন্বয়ক সুকান্ত চাকমা ও প্রোগ্রাম অফিসার রুনু চাকমাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়।

