ঢাকাTuesday , 9 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া

Link Copied!

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, একাধিক মামলা, গ্রেপ্তার ও রিমান্ডের অভিজ্ঞতা এবং ধারাবাহিক সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে বিএনপির ছাত্ররাজনীতিতে পরিচিত মুখ মো. সোহাগ ভূঁইয়া। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কমিটিতে সাধারণ সম্পাদক পদে তার নাম আলোচনায় রয়েছে বলে দলীয় ও রাজনৈতিক সূত্রে জানা গেছে।

Advertisement

ছাত্রদল ও যুবদলের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় সোহাগ ভূঁইয়া দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সংশ্লিষ্টদের মতে, তার সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক সক্রিয়তার কারণেই যুবদলের গুরুত্বপূর্ণ পদে তাকে বিবেচনা করা হচ্ছে।

কুমিল্লার সন্তান সোহাগ ভূঁইয়ার রাজনৈতিক উত্থান মূলত রাজধানীকেন্দ্রিক ছাত্ররাজনীতির মাধ্যমে। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। শাহজাহানপুর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, এক নম্বর যুগ্ম আহ্বায়ক এবং সর্বশেষ সভাপতি নির্বাচিত হন।

Advertisement

২০২৪ সালের ডিসেম্বরে ঘোষিত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর রাজধানীর ছাত্ররাজনীতিতে তার অবস্থান আরও সুদৃঢ় হয়।

দলীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তার বিরুদ্ধে ৭৬টিরও বেশি মামলা দায়ের করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে তিনি একাধিকবার গ্রেপ্তার ও রিমান্ডের মুখোমুখি হয়েছেন বলেও জানা গেছে। রাজধানীতে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় উপস্থিতির কারণে তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন মাঠকেন্দ্রিক সংগঠক হিসেবে পরিচিত।

Advertisement

সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, আন্দোলন-সংগ্রামের বিভিন্ন সময়ে সোহাগ ভূঁইয়া ও তার পরিবার নানা ধরনের চাপ ও হয়রানির শিকার হয়েছেন। দলীয় নেতাকর্মীদের একটি অংশ তাকে ত্যাগী ও নির্যাতিত ছাত্রনেতা হিসেবে মূল্যায়ন করে।

দলীয় সূত্র আরও জানায়, বিএনপির বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। বিশেষ করে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের সরকারবিরোধী আন্দোলনে তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। জুলাই গণঅভ্যুত্থানের সময় শাহবাগ, খিলগাঁও ও রামপুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনে অংশ নিয়ে তিনি আলোচনায় আসেন। ওই সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলেও দাবি করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির বর্তমান রাজনীতিতে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং নির্যাতনের শিকার নেতাদের মূল্যায়ন বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে ছাত্রদল থেকে উঠে আসা নেতাদের যুবদলের গুরুত্বপূর্ণ পদে আনার বিষয়েও কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা রয়েছে। এ প্রেক্ষাপটে সম্ভাব্য নেতৃত্বের তালিকায় সোহাগ ভূঁইয়ার নাম গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে সোহাগ ভূঁইয়া বলেন, “দল আমাকে যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করব। আমার কাছে দলীয় সিদ্ধান্তই সর্বোচ্চ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই আমি মেনে নেব।”

তবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সম্ভাব্য কমিটি নিয়ে আরও কয়েকজন সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতার নামও আলোচনায় রয়েছে। ফলে শেষ পর্যন্ত কারা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাবেন, তা নির্ধারণ করবে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।