আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, যুবসমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে এ ষড়যন্ত্র করা হচ্ছে, যাতে জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে ১৫ থেকে ২০ শতাংশ যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। ক্যাসিনো জুয়ার মাধ্যমে প্রতিবছর পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। তাঁর মতে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশে মাদক প্রবেশ করছে। এর মূল লক্ষ্য যুবসমাজকে ধ্বংস করা।
তিনি আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক—এই চারটি সামাজিক অপরাধ লালমনিরহাট থেকে দূর করতে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু করা হয়েছে। এ কর্মসূচি দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসবেন বলেও জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, এখন শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। অনেক শিক্ষক নির্যাতনের শিকার হয়েছেন। নীতিবোধ, মূল্যবোধ, সম্মান, সামাজিকতা ও নৈতিকতার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান প্রমুখ।


