ঢাকাTuesday , 27 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলছড়িতে ভূমিসেবা অচল, রেকর্ডপত্র স্থানান্তর নিয়ে জটিলতায় চরম ভোগান্তি

Link Copied!

গাইবান্ধার ফুলছড়ি সাব-রেজিস্ট্রি অফিসের পুরোনো দলিল ও বালাম বই নবনির্মিত ভবনে স্থানান্তর নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। গুরুত্বপূর্ণ সরকারি রেকর্ডপত্র সংরক্ষণ ও স্থানান্তর নিয়ে অনিশ্চয়তার কারণে ব্যাহত হচ্ছে ভূমিসেবা কার্যক্রম। বিশেষ করে দলিলের জাবেদা ও নকল সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সেবাপ্রত্যাশীরা।

Advertisement

ভুক্তভোগীদের অভিযোগ, প্রয়োজনীয় দলিলের নকল সংগ্রহের জন্য সাত থেকে আট মাস ধরে অফিসে যাতায়াত করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। এতে জমি-সংক্রান্ত বিভিন্ন কাজ আটকে থাকার পাশাপাশি দূরবর্তী চরাঞ্চলের বাসিন্দাদের ভোগান্তি আরও বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরোনো অফিস থেকে সরকারি রেকর্ডপত্র নবনির্মিত ভবনে স্থানান্তরের জন্য ১৬ মার্চ দিন নির্ধারণ করা হয়েছিল। গজারিয়া ইউনিয়নে থাকা পুরোনো অফিস থেকে উদাখালী ইউনিয়নের কালীরবাজার এলাকায় নির্মিত নতুন ভবনে দলিল ও বালাম বই নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়।

Advertisement

রেকর্ডপত্র স্থানান্তরের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতার জন্য ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করা হয়। তবে আবেদন করার পরও কার্যকর কোনো পদক্ষেপ না হওয়ায় স্থানান্তর প্রক্রিয়া নিয়ে জটিলতা কাটেনি বলে সংশ্লিষ্টদের অভিযোগ।

সাত-আট মাসেও মিলছে না দলিলের নকল

সেবাপ্রত্যাশীদের অভিযোগ, রেকর্ডপত্র না থাকায় জমি-সংক্রান্ত বিভিন্ন কাজে প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহ করা যাচ্ছে না। বিশেষ করে দুর্গম চরাঞ্চল থেকে মানুষ দীর্ঘ পথ পাড়ি দিয়ে সাব-রেজিস্ট্রি অফিসে এসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

Advertisement

কঞ্চিপাড়া ইউনিয়নের বাসিন্দা মাসুদ রানা বলেন, একটি দলিলের জাবেদা নকল সংগ্রহের জন্য সাত থেকে আট মাস ধরে অফিসে ঘুরছেন। কিন্তু এখনো নকল পাননি। প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় তার বিভিন্ন কাজে সমস্যা হচ্ছে।

রেকর্ডপত্র নষ্ট হওয়ার শঙ্কা

ফুলছড়ি দলিল লেখক সমিতির সভাপতি ছামসুল আলম সরকার বলেন, পুরোনো ফুলছড়ি ঘাট এলাকার অফিস থেকে নতুন ভবনে বালাম বই ও পুরোনো দলিল স্থানান্তরে বাধা রয়েছে। পুরোনো ভবনে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন সেখানে রেকর্ডপত্র পড়ে থাকলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, রেকর্ডপত্র নতুন ভবনে না থাকায় দুর্গম চরাঞ্চলের মানুষ জাবেদা ও নকল সংগ্রহ করতে পারছেন না। একই কারণে মূল ভবনের দলিল নিবন্ধন কার্যক্রমও বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে। এতে দলিল লেখকরাও আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সমস্যাটির সমাধান প্রয়োজন।

ব্যাহত সরকারি দাপ্তরিক কার্যক্রম

ফুলছড়ি সাব-রেজিস্ট্রার মো. নাজমুল হুদা জানান, বর্তমানে দলিলের জাবেদা ও নকল সরবরাহ কার্যক্রম বন্ধ রয়েছে। রেকর্ডপত্র নিরাপত্তাহীন অবস্থায় থাকায় সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের মূল দলিল ফেরত দেওয়াও সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, শুধু সাধারণ মানুষের সেবাই নয়, সরকারি দাপ্তরিক কাজও এতে ব্যাহত হচ্ছে। আদালত, দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা যাচ্ছে না। তল্লাশি ও পরিদর্শন কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।

সাব-রেজিস্ট্রার আরও জানান, রেকর্ডপত্র নতুন ভবনে স্থানান্তরের বিষয়ে প্রশাসন ও পুলিশের সঙ্গে মৌখিকভাবে সমন্বয়ের চেষ্টা চলছে।

দ্রুত সমাধানে প্রশাসনের সহযোগিতা চায় সংশ্লিষ্টরা

গাইবান্ধার জেলা সাব-রেজিস্ট্রার জহুরুল ইসলাম বলেন, সমস্যাটি সমাধানের জন্য প্রশাসনের সঙ্গে লিখিত ও মৌখিকভাবে যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনের সহযোগিতায় রেকর্ডপত্রের নিরাপদ সংরক্ষণ ও স্থানান্তরের জটিলতা দ্রুত নিরসনের চেষ্টা চলছে।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দ্রুত সমস্যার সমাধান করে সাব-রেজিস্ট্রি অফিসের স্বাভাবিক কার্যক্রম চালু করা সম্ভব হবে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, রেকর্ডপত্র স্থানান্তর ও সংরক্ষণ নিয়ে জটিলতা দীর্ঘায়িত হলে গুরুত্বপূর্ণ সরকারি নথি নষ্ট হওয়ার ঝুঁকি বাড়বে। এর ফলে জমির মালিকানা-সংক্রান্ত তথ্য যাচাই, আদালত ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনে নথি সরবরাহ এবং সাধারণ মানুষের ভূমিসেবা আরও বাধাগ্রস্ত হতে পারে।

এ অবস্থায় সরকারি রেকর্ডপত্রের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত নতুন ভবনে স্থানান্তর এবং স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম চালুর জন্য প্রশাসন ও পুলিশের কার্যকর উদ্যোগ দাবি করেছেন ভুক্তভোগী সেবাপ্রত্যাশী ও দলিল লেখকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar