রাঙ্গামাটি পার্বত্য জেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, মিস চন্দ্রা চাকমা, মুখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএমসহ পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।
মতবিনিময় সভায় রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন বক্তারা। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় শ্রেণিকক্ষে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়ানো এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত ও শিক্ষাগত সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।


