বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৭-৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই এলাকার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ১০টা থেকে আজমপুর এলাকায় ৬-৭টি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অফিস চলাকালীন সড়ক অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতেও যানজট দেখা দিয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবির বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। এ কারণে বাধ্য হয়ে তাঁরা সড়কে নেমেছেন।
শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যাননি।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর এয়ারপোর্ট গোলচত্বরেও পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সেখানে তাঁরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান।


