ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: শেখ রবিউল আলম

Link Copied!

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জীবিকা নির্বাহ নয়, নিজেকে একজন যোগ্য ও ভালো নাগরিক হিসেবে গড়ে তোলা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম। তিনি বলেছেন, আমাদের জাতীয় সংগীতের শুরুতেই রয়েছে, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।

Advertisement

দেশের প্রতি ভালোবাসা কীভাবে প্রকাশ করতে হবে, তার অন্যতম পথ হলো নিজেকে দেশের জন্য যোগ্য করে গড়ে তোলা। শিক্ষিত জাতি গড়তে হলে ভালো মানুষ হওয়ার শিক্ষাও জরুরি। শিক্ষার্থীদের সেই লক্ষ্যেই নিজেদের প্রস্তুত করতে হবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়, কলাবাগানে বিদ্যালয়টির নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন, বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

Advertisement

মন্ত্রী বলেন, বিদ্যালয়ের মান বলতে শুধু কতটি ভবন আছে, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে কি না কিংবা আসবাবপত্র কতটা ভালো, এসব বোঝায় না। বিদ্যালয়ের প্রধান মানদণ্ড হওয়া উচিত শিক্ষার্থীরা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে প্রয়োজনীয় ও পর্যাপ্ত শিক্ষা পাচ্ছে কি না।

তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য নিজেকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করা। শুধু জীবিকা নির্বাহের জন্য শিক্ষা অর্জন করব, এটি আমি বিশ্বাস করি না।

Advertisement

ভালো উপার্জনের জন্যও শিক্ষা প্রয়োজন, কিন্তু শিক্ষিত জাতি গড়তে হলে ভালো মানুষ হওয়ার শিক্ষাও জরুরি।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিজের যত্নের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বয়স ও শারীরিক প্রয়োজন অনুযায়ী খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। নেতৃত্ব শুধু রাজনীতিতে নয়, পেশাগত ও সামাজিক জীবনেও প্রয়োজন।

অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সন্তান পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় না হলে হতাশ হওয়ার কিছু নেই।

তাকে বকাঝকা না করে পাশে থাকতে হবে এবং তার সর্বোচ্চ সক্ষমতা অর্জনে উৎসাহ দিতে হবে। সন্তানকে অন্য কারও সঙ্গে তুলনা না করে তার নিজস্ব প্রতিভা ও আগ্রহকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, আপনি যা পছন্দ করেন, আপনার সন্তানের সব গুণাবলি তার মধ্যে থাকতে হবে—এমন নয়। সৃষ্টিকর্তা প্রত্যেক সন্তানের মধ্যে আলাদা কিছু প্রতিভা দিয়েছেন। সেটিকে বিকশিত হওয়ার সুযোগ দিলে সন্তান আপনার প্রত্যাশার চেয়েও ভালো করতে পারে।

শিক্ষকদের দায়িত্বের কথা উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, প্রত্যেক শিক্ষার্থীর প্রয়োজন ও সক্ষমতা এক নয়। শিক্ষকরা কাছ থেকে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করে তাদের কোন বিষয়ে আগ্রহ ও দক্ষতা রয়েছে, তা চিহ্নিত করতে পারেন। তাই বাবা-মায়ের ইচ্ছা চাপিয়ে না দিয়ে শিক্ষকদের পরামর্শকেও গুরুত্ব দিতে হবে।

বিদ্যালয়টির অবকাঠামোগত ও লজিস্টিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে। এই বিদ্যালয়কে আরও সুযোগ-সুবিধাসম্পন্ন করতে আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেকে গড়ার জন্য শতভাগ সময় ব্যয় করো। তুমি যে সময় ব্যয় করবে এবং যা শিখবে, সেটিই তোমার প্রকৃত সম্পদ। জ্ঞান ও যোগ্যতা এমন সম্পদ, যা অন্যের সঙ্গে ভাগ করলেও কমে না, এর সুফল পুরো বিশ্ব পায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা বেগম। এ সময় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিউল আজমসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar