ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইউনানের সঙ্গে বাণিজ্য-যোগাযোগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব

Link Copied!

চীনের ইউনান প্রদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, জ্বালানি, প্রযুক্তি এবং আঞ্চলিক যোগাযোগে সহযোগিতা বাড়াতে একাধিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

Advertisement

প্রস্তাবগুলোর মধ্যে চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে ইউনানের রাজধানী কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চালু, বাংলাদেশি পণ্যের জন্য ইউনানে বন্ডেড ওয়্যারহাউস ও প্রদর্শনী সুবিধা দ্রুত কার্যকর এবং দুই দেশের মধ্যে কার্গো বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয় রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীনের ইউনান প্রদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনানের এক্সিকিউটিভ ভাইস গভর্নর ঝাও জুনমিন।

Advertisement

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম-মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার সড়ক যোগাযোগ কার্যকর করা সম্ভব হলে পণ্য পরিবহনে সময় ও খরচ উভয়ই কমবে। প্রায় ২৪ ঘণ্টার মধ্যে পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশ, মিয়ানমার ও দক্ষিণ-পশ্চিম চীনের মধ্যে আঞ্চলিক বাণিজ্য আরও গতিশীল হতে পারে।

ইউনানকে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে সেখানে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। প্রায় ৪ কোটি ৬৪ লাখ মানুষের এ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ করতে বিনামূল্যে বন্ডেড ওয়্যারহাউস ও প্রদর্শনী সুবিধা দ্রুত চালুর ওপর গুরুত্ব দেন তিনি।

Advertisement

বৈঠকে জানানো হয়, ২০২৫ সালে বাংলাদেশ ও ইউনানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ইউয়ানের বেশি হয়েছে।

ইউনানের এক্সিকিউটিভ ভাইস গভর্নর ঝাও জুনমিন বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম ইউনানের বিশেষ বাণিজ্য সুবিধা নীতির আওতায় এসেছে। এর ফলে বাংলাদেশি পণ্যের জন্য বন্ডেড ওয়্যারহাউস, প্রদর্শনী কেন্দ্র এবং শুল্কসংক্রান্ত বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সুবিধা দ্রুত বাস্তবায়নের কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ইউনানের বাণিজ্য বিভাগ ও বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মধ্যে হওয়া সমঝোতা স্মারকের ভিত্তিতে বাংলাদেশি পণ্য প্রদর্শনের জন্য ইউনানে জায়গা নির্ধারণ করা হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে বাংলাদেশি উদ্যোক্তাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও ইউনানের মধ্যে সরাসরি কার্গো বিমান যোগাযোগ বাড়ানোর বিষয়টিও আলোচনায় আসে। বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, হিমায়িত মাছ ও বিভিন্ন কৃষিপণ্য রপ্তানির পাশাপাশি ইউনান থেকে ফুল, সার ও পশুখাদ্য আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি কার্গো বিমান যোগাযোগ স্থাপন করা গেলে দ্রুত পচনশীল কৃষিপণ্য পরিবহন ও বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে বৈঠকে মত দেওয়া হয়।

বাংলাদেশের পাটের গুণগত মান ও উৎপাদন বাড়াতে ইউনানের সঙ্গে যৌথ গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন বাণিজ্যমন্ত্রী। কৃষি প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া জ্বালানি, ই-কমার্স ও প্রযুক্তি খাতে দুই দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন তিনি। যৌথ উদ্যোগ ও বিনিয়োগের মাধ্যমে এসব খাতে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী ইউনানের নারী উদ্যোক্তাদেরও বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ের আমন্ত্রণ জানান।

বৈঠকে সিলেটের পুরনো কারাগারের জায়গায় পার্ক নির্মাণের উদ্যোগের কথা তুলে ধরে কুনমিংয়ের আধুনিক পার্কগুলোর আদলে সিলেটে একটি পার্ক গড়ে তুলতে ইউনান কর্তৃপক্ষের সহযোগিতা চান বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশের প্রস্তাবগুলোকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ঝাও জুনমিন বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগসহ সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে দুই পক্ষের সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাণিজ্য মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।