ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

স্টুডিও ভাঙচুর: সালমান মুক্তাদিরের মন্তব্যের আগে পুরো ঘটনা জানা উচিত ছিল—রাশেদ খাঁন

Link Copied!

স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের মন্তব্য করার আগে পুরো ঘটনা সম্পর্কে জানা উচিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

Advertisement

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, স্টুডিওতে হামলার পেছনে চাঁদাবাজির কোনো ঘটনা ছিল না। বরং জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। একই সঙ্গে এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। প্রতিষ্ঠানটির পাশের এলাকায় সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার প্রায় ২৩ কাঠা জমি রয়েছে। এর মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Advertisement

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, সাবেক সরকারি কর্মকর্তাদের অভিযোগ—অতীতে প্রভাব খাটিয়ে ৮ কাঠা জমি দখল করেছেন নিউ গিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীন। তার দাবি, নাজিম উদ্দীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কারাগারেও ছিলেন।

তিনি আরও জানান, সম্প্রতি নাজিম উদ্দীনের কাছ থেকে প্রায় ৫ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে সেখানে স্টুডিও স্থাপন করেন সালমান মুক্তাদির।

Advertisement

রাশেদ খাঁনের দাবি, নিউ গিনি প্রোপার্টিজের মালিক সম্প্রতি এমনভাবে তিনটি নতুন গেট নির্মাণ করেন, যাতে অন্য জমির মালিকরা ভেতরে প্রবেশ করতে না পারেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে সাবেক সরকারি কর্মকর্তাদের পক্ষের লোকজন গেট ভাঙতে গেলে নাজিম উদ্দীনের সম্পত্তি মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর চালান। বিষয়টিকে তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে উল্লেখ করেন।

রাশেদ খাঁন আরও দাবি করেন, আইনের আশ্রয় নেওয়ার সুযোগ থাকলেও সংশ্লিষ্টরা তা না করে পেশিশক্তির আশ্রয় নিয়েছেন এবং ঘটনাটির দায় বিএনপির ওপর চাপানোর সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, জমি দখল ও পাল্টা দখলের ঘটনায় বিএনপি বা কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই। পাশাপাশি বিভিন্ন ঘটনার জন্য বিএনপিকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সালমান মুক্তাদিরের মন্তব্য প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, সব পক্ষের বক্তব্য শোনার পর তার মন্তব্য করা উচিত ছিল। তার দাবি, ঘটনার সব দিক না জেনেই সালমান মুক্তাদির বিএনপির লোকজনকে চাঁদা না দেওয়ার কারণে স্টুডিও ভাঙচুর করা হয়েছে বলে বক্তব্য দিয়েছেন।

শেষে রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, সালমান মুক্তাদির বিষয়টির প্রকৃত তথ্য তুলে ধরবেন। একই সঙ্গে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, দোষীদের যথাযথ শাস্তি এবং সালমান মুক্তাদিরের ন্যায়বিচার নিশ্চিত হবে বলে তিনি আশা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।