গাইবান্ধায় কালভার্টের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-১৩। এ সময় এলাকার একটি সারের গোডাউনের পাশে শিবপুর রোডের কালভার্টের নিচে সাদা রঙের প্লাস্টিকের কাটা বস্তার ভেতরে লাল রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
