রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী, স্বামীর প্রথম স্ত্রী ও এক স্বজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন মরিয়মের বাবা। মামলার সঙ্গে মরিয়মের রেখে যাওয়া হাতে লেখা কিছু নোটও যুক্ত করা হয়েছে।
নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ গতরাতেই শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, গত জুনে জিএম নজরুল ইসলামের সঙ্গে ইসলামী শরিয়াহ অনুযায়ী তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর মরিয়ম স্বামী ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামের সঙ্গে ন্যাম ভবনের ওই বাসায় বসবাস করছিলেন। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে তিনি বিভিন্ন সময় পরিবারের সদস্যদের মোবাইল ফোনে জানিয়েছিলেন।
মরিয়মের বাবা আরও বলেন, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তার স্বামী ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন। পরে তিনি তার শ্যালিকা সুফিয়াকে সঙ্গে নিয়ে সিএনজিতে করে ন্যাম ভবনের বাসায় যান। সেখানে গিয়ে জানতে পারেন, বাসার একটি কক্ষে মরিয়ম ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
এজাহারে তিনি আরও উল্লেখ করেন, মরিয়মের বিছানার ওপর হাতে লেখা একটি নোট পাওয়া যায়। সেখানে তিনি লিখেছেন—‘মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই…’, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম, তার সঙ্গে জিততে পারিনি, হেরে গেলাম ময়দানে’।
