বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর দিনেই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। ইরান যুদ্ধ ঘিরে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা এবং সৌদি আরবের তেল সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ার খবরে সোমবার (২১ সেপ্টেম্বর) এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে তেলের দাম।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে নেমে আসে। দিনের শুরুতে ব্রেন্টের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১৫ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ঘিরে উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামের সঙ্গে যুক্ত ঝুঁকির একটি অংশ কমেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অবশ্য এখনো অব্যাহত রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে পেজেশকিয়ানের নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে।
সৌদি আরবের তেল রপ্তানি বাড়ার প্রভাব
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন তৈরি হলেও দেশটির রপ্তানি সাম্প্রতিক সময়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, আগস্টে সৌদি আরবের তেল রপ্তানি দৈনিক ২৪ লাখ ব্যারেলে নেমে গিয়েছিল। সেপ্টেম্বরে এখন পর্যন্ত তা বেড়ে দৈনিক ৪০ লাখ ব্যারেলের বেশি হয়েছে। ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্নের পর সৌদি আরব বিকল্প পথে তেল রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
এদিকে জেপি মরগানের বিশ্লেষণ অনুযায়ী, গত ছয় দিনে হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরবের তেল পরিবহন দৈনিক গড়ে প্রায় ২৯ লাখ ব্যারেলে পৌঁছেছে। আগস্টে এ পরিমাণ ছিল প্রায় ৭ লাখ ব্যারেল।
ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত ও সরবরাহ নিয়ে উদ্বেগ থাকলেও কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা এবং সৌদি আরবের সরবরাহ বাড়ার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।
বাংলাদেশে লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম
অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার দিনেই বাংলাদেশে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা হয়েছে। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, নতুন মূল্য নির্ধারণের ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান কমানো, বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং প্রতিবেশী দেশে জ্বালানি তেল পাচারের ঝুঁকি কমানোর লক্ষ্য রয়েছে।
