অপহরণের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি দুই বছরের শিশু মিম আক্তার। সন্তান কোথায় আছে, কেমন আছে—এমনকি সে জীবিত নাকি মারা গেছে, সেটিও নিশ্চিতভাবে জানতে পারছে না মিমের পরিবার। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার বাবা-মা ও স্বজনরা।
নিখোঁজ মিম আক্তার (২) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছাড়া এলাকার বাসিন্দা শহীন আলম ও রাবেয়া বেগমের মেয়ে। বর্তমানে তারা ঢাকার আশুলিয়া থানার বাইফেল আলফা গেট এলাকার ২২৮ নম্বর বাড়িতে বসবাস করেন। পরিবারের জীবিকার তাগিদে মিমের মা রাবেয়া বেগম আশুলিয়া এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন।
পরিবারের দাবি, ১০ দিন আগে বাইফেল আলফা গেট এলাকা থেকে মিমকে অপহরণ করা হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হলেও এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মিমের মা রাবেয়া বেগম বলেন, “আমার সন্তান কোথায় আছে, কী অবস্থায় আছে—কিছুই জানি না। ১০ দিন ধরে বুকের মধ্যে কষ্ট নিয়ে অপেক্ষা করছি। আমার সন্তানকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।”
শিশুটির স্বজনরা বলছেন, মিমের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা আরও বাড়ছে। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত শিশুটিকে উদ্ধারের দাবি জানিয়েছেন।
এদিকে, শিশুটিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই বিষয় জানতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
পরিবারের আকুতি—যেভাবেই হোক, তাদের দুই বছরের শিশু মিমকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।
