আদালতের কার্যক্রম নস্যাৎ করা, নথিতে কারসাজি কিংবা দুর্নীতির উদ্দেশ্যে মামলা পরিচালনার কোনো সুযোগ দেওয়া হবে না বলে সতর্ক করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রাজধানীর একটি হোটেলে আইন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। অনুষ্ঠানে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বিদেশে অর্থ পাচারের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি, ঘুষ ও যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে।
তিনি আরও বলেন, কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না। প্রতিষ্ঠানের ভেতরে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র কিংবা অনৈতিক সিন্ডিকেটকে গড়ে উঠতে বা প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।
আইন কর্মকর্তাদের দায়িত্বের বিষয়টি তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, তাদের কাজ কেবল মামলা পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নয়। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাও আইন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি বলেন, আইন কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। আদালতের কার্যক্রমের স্বচ্ছতা ও বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
