জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের পরিবর্তে এবার বিএনপিকে ব্যবহার করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি দাবি করেন, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বর, মোদিবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণহত্যার ঘটনায় প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ এবং পরোক্ষভাবে ভারতের ভূমিকা রয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীতে জাগপা আয়োজিত এক বিক্ষোভ র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ‘খুনি শেখ হাসিনাকে দুই বছর রাষ্ট্রীয় মর্যাদায় আশ্রয় দেওয়ার প্রতিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে’ শীর্ষক এ কর্মসূচি বিজয়নগর থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
রাশেদ প্রধান বলেন, বাংলাদেশকে ভারতের প্রভাববলয়ে রাখার উদ্দেশ্যে দীর্ঘদিন আওয়ামী লীগকে ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য, ক্ষমতার রাজনীতির কারণে দেশের অনেক রাজনৈতিক নেতা ভারতীয় আধিপত্যবাদ নিয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।

তিনি আরও বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা না দেওয়া, ওসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্তদের আশ্রয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে ভারতকে তিনি বন্ধু রাষ্ট্র হিসেবে দেখেন না।
জাগপার মুখপাত্র অভিযোগ করেন, দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আয়োজনের মাধ্যমে ভারত সরকার এ বিষয়ে দায় এড়াতে পারে না। তিনি দাবি করেন, আওয়ামী লীগকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টা দেশের জনগণ প্রতিহত করবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মুজিবুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ, শ্রমবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার এবং জাগপা ছাত্রকাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। কর্মসূচিটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর জাগপার সভাপতি এস এম জিয়াউল আনোয়ার।
