ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল বলেছেন, শুধু রাষ্ট্রীয় বাহিনীর ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণের সঙ্গে অন্যায় আচরণ করে দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সম্ভব নয়।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে কাঠালিয়া উপজেলার কচুয়া-বেতাগী ফেরিঘাট এলাকায় বিষখালী নদীর ওপর সেতু নির্মাণের স্থান পরিদর্শনকালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম জামাল বলেন, ‘আর্মি, পুলিশ, বিজিবি ও র্যাব থাকার পরও শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল।’ তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও অধিকারকে গুরুত্ব না দিলে কোনো সরকারই দীর্ঘদিন টিকে থাকতে পারে না।
কচুয়া-বেতাগী ফেরিঘাটে বিষখালী নদীর ওপর সেতু নির্মাণের বিষয়ে তিনি বলেন, এই সেতু নির্মাণ তার অন্যতম অঙ্গীকার। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে যেকোনো মূল্যে সেতুটি নির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। পাশাপাশি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার শরীফ খান, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজামীরবহর, রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের সভাপতি মো. আতিকুর রহমান রুবেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
