গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা, আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. মাসুদ রানা।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সাঘাটা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মাসুদ রানা জানান, তিনি সাঘাটা উপজেলার উত্তর সাথালিয়া গ্রামের বাসিন্দা। একই গ্রামের মো. মোসলেম উদ্দিন (৫৫) ও তার ছেলে মো. বিপ্লব (৩০) তাকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে প্রলোভন দেখান। তাদের কথায় বিশ্বাস করে ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর নিজ বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাক্ষীদের উপস্থিতিতে তিনি নগদ ৭ লাখ টাকা তাদের হাতে তুলে দেন।

তার দাবি, টাকা গ্রহণের সময় অভিযুক্তরা ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ছয় মাসের মধ্যে বিদেশে পাঠানোর লিখিত প্রতিশ্রুতি দেন। তবে নির্ধারিত সময় পার হলেও তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। বরং বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে বিষয়টি এড়িয়ে যান।
সংবাদ সম্মেলনে মাসুদ রানা আরও অভিযোগ করেন, পরে অভিযুক্ত বিপ্লব পাওনা টাকার আংশিক পরিশোধের উদ্দেশ্যে অগ্রণী ব্যাংক সাঘাটা শাখার ৪ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু ব্যাংকে চেকটি জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ডিজঅনার হয়। এরপর টাকা ফেরত চাইলে অভিযুক্তরা অর্থ পরিশোধ না করে তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, সর্বশেষ গত ১০ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে পাওনা টাকা চাইতে অভিযুক্তদের বাড়িতে গেলে তারা সংঘবদ্ধভাবে চড়াও হন। এ সময় গালিগালাজ, মারধরের চেষ্টা এবং লাঞ্ছিত করে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
মাসুদ রানার ভাষ্য, ওই সময় অভিযুক্তরা ভবিষ্যতে টাকা চাইতে গেলে তাকে ও তার সহযোগীদের হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে তার কষ্টার্জিত ৭ লাখ টাকা আত্মসাতের চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
তিনি জানান, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করলে তাদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনার সময় স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন এবং তারা পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে ভুক্তভোগী দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তিনি সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান, বিষয়টি গণমাধ্যমে তুলে ধরে ন্যায়বিচার পেতে সহযোগিতা করার জন্য।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
