প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করে বলেছেন, “এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতির নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করছে।” তিনি দাবি করেন, দলটি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে এবং রাজনৈতিক পরিবেশ নষ্টের চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, “জামায়াত একটি চালাক ও ধুরন্ধর দল। তারা একদিকে বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশংসাসূচক বক্তব্য দিচ্ছে। কিন্তু মাঠপর্যায়ে গিয়ে গণ-অভ্যুত্থানের হুমকি দিচ্ছে। একই সঙ্গে এনসিপির নেতাদের দিয়ে বিএনপির নেতাদের বিরুদ্ধে কটূক্তি করানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “এনসিপির নেতৃবৃন্দকে বলব, আপনারা যদি রাজনীতির পরিবেশ নষ্ট করেন, তাহলে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।” এ সময় তিনি জামায়াত ও এনসিপির সব ধরনের ষড়যন্ত্রের “দাঁতভাঙা জবাব” দেওয়ার হুঁশিয়ারিও দেন।
