রাজধানীর গণভবনে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও ছিলেন।
শনিবার (৮ আগস্ট) সকালে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির কেন্দ্রীয় নেতারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও অংশ ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তারা জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন পর্যবেক্ষণ করেন।
জাদুঘর পরিদর্শনকালে এনসিপি নেতারা জুলাই আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আন্দোলনের ইতিহাস ও ঘটনাপ্রবাহ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও জানান তারা।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, বিভিন্ন নিদর্শন ও গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের লক্ষ্যেই গণভবনে স্মৃতি জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।
এর আগে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন নাহিদ ইসলাম। গত ১ জুলাই রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি ৫ আগস্টের মধ্যে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান।

এনসিপি নেতাদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্ম যেন আন্দোলনের প্রেক্ষাপট, ছাত্র-জনতার অংশগ্রহণ এবং শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে, সে ক্ষেত্রে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করে এনসিপি।

