ঢাকাMonday , 21 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গ্রাহকের অজান্তেই ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার উত্তোলন

Link Copied!

অগ্রণী ব্যাংকের রমনা করপোরেট শাখায় গ্রাহকের কাছে থাকা লকারের চাবি ছাড়াই প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কানাডাপ্রবাসী ফারজানা রহমানের দাবি, তার স্বাক্ষর জাল করে একটি ভুয়া ঘোষণাপত্র তৈরি ও ব্যাংকে জমা দেওয়ার পর প্রয়াত মায়ের নামে থাকা লকার থেকে এসব স্বর্ণালংকার সরিয়ে নেওয়া হয়েছে।

Advertisement

ভুক্তভোগীর অভিযোগ, দুঃসম্পর্কের চাচা ও ব্যাংকের পারসোনাল ডিভিশনের উপমহাব্যবস্থাপকের সহায়তায় তার বোন ওই স্বর্ণালংকার উত্তোলন করেছেন। শুধু লকার নয়, বিদেশে যাওয়ার আগে মায়ের কাছে রেখে যাওয়া তার স্বাক্ষর করা চেকের পাতাও ব্যবহার করে টাকা উত্তোলনের অভিযোগ করেছেন তিনি। ঘটনায় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন ফারজানা।

ঢাকা মহানগর হাকিম আদালতে করা মামলার নথি অনুযায়ী, অগ্রণী ব্যাংকের রমনা করপোরেট শাখায় ফারজানা রহমান লিমা ও তার মায়ের নামে ৪০৯ নম্বর লকার ছিল। ফারজানার দাবি, ওই লকারে তার নিজের রাখা স্বর্ণালংকারের মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। আর তার মায়ের গচ্ছিত স্বর্ণালংকারের মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। সব মিলিয়ে লকারে প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ছিল বলে মামলায় দাবি করা হয়েছে।

Advertisement

ফারজানার অভিযোগ, ২০১৯ সালের ১৫ জুন স্বামীর সঙ্গে কানাডায় যাওয়ার আগে নিজের স্বর্ণালংকার মায়ের লকারে রেখে যান তিনি। পরে মায়ের কাছ থেকে জানতে পারেন, লকারে তার নামও যুক্ত করা হয়েছে।

২০২৪ সালের ১৮ জুলাই ফারজানার মা মারা যান। এরপরও তিনি দেশে ফিরতে পারেননি। এই সুযোগে তার স্বাক্ষর জাল করে একটি ভুয়া ঘোষণাপত্র তৈরি করা হয় বলে অভিযোগ করেন তিনি। তার বোন ফারহানা রহমান ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ওই ঘোষণাপত্র ব্যাংকে জমা দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Advertisement

ফারজানার প্রশ্ন, তার অনুপস্থিতিতে এবং তার স্বাক্ষর যাচাই না করে কীভাবে ব্যাংক ওই নথি গ্রহণ করল? আর ওই নথির ভিত্তিতেই বা কীভাবে লকার পরিচালনার সুযোগ দেওয়া হলো? তার দাবি, পরবর্তী সময়ে ব্যাংকের পারসোনাল ডিভিশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও তাদের দুঃসম্পর্কের চাচা সাইফুল আমিরের যোগসাজশে লকারে থাকা স্বর্ণালংকার সরিয়ে নেওয়া হয়।

চলতি বছরের ১২ আগস্ট দেশে ফেরার পর লকারের বিষয়ে খোঁজ নিতে গিয়ে বিষয়টি জানতে পারেন ফারজানা। এরপর ২৪ আগস্ট ব্যাংকে গিয়ে লিখিতভাবে জানতে চান, তার অনুমতি ছাড়া কীভাবে তার নামে থাকা লকার থেকে স্বর্ণালংকার বের করা হলো।

ফারজানার দাবি, ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাননি।

এদিকে ব্যাংক কর্মকর্তা সাইফুল আমিরের দাবি, ঘটনাটির সমাধান হয়েছে। তার ভাষ্য, সাদা কাগজে ফারজানা রহমান লিজা স্বাক্ষর করেছেন। এ সময় তার বোন ফারহানা ও এক ভাই সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। তবে ফারজানার অভিযোগ, সমাধানের কথা বলে সাদা কাগজে তার স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়েছিল।

তার দাবি, ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। সেখানে কীভাবে এবং কোন নথির ভিত্তিতে গহনা হস্তান্তর করা হয়েছিল, তার পূর্ণাঙ্গ ব্যাখ্যাও দাবি করছেন তিনি।

অন্যদিকে, ফারজানার বোন ফারহানা রহমান সুমি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ফারজানার স্বাক্ষর করা একটি নথির মুদ্রিত কপি তার কাছে রয়েছে। তবে মূল নথিটি কীভাবে তার হাতে এসেছে, সে বিষয়ে তিনি জানেন না বলে দাবি করেন।

অগ্রণী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিষয়টি ব্যাংকের নজরে এসেছে। তবে লকারের চাবি সাধারণত গ্রাহকের কাছেই থাকে এবং চাবি দিয়েই লকার খোলার প্রক্রিয়া সম্পন্ন হয়। ফলে কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

অগ্রণী ব্যাংকের রমনা শাখার ডিজিএম গোলাম সরোয়ার বলেন, লকারের বিষয়ে কীভাবে কী হয়েছে, সে সম্পর্কে তিনি জানেন না। তিনি ২০২৬ সালের ২৭ জুলাই ওই শাখায় যোগ দিয়েছেন। ফলে আগের সময়ের ঘটনার বিষয়ে তৎকালীন কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি পারসুমা আলমকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি। পরে তার পক্ষে ব্যাংকটির মুখপাত্র খন্দকার লুৎফুল কবির বলেন, বিষয়টি সমাধান হয়েছে। তবে সাদা কাগজে স্বাক্ষরের ভিত্তিতে কীভাবে সমাধান হলো—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু করপোরেট শাখার সংশ্লিষ্ট বিষয়টি, তাই এ নিয়ে আমার কিছু বলার নেই।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কোনো ব্যাংকের বিরুদ্ধে লিখিত ও সুনির্দিষ্ট অভিযোগ এলে কেন্দ্রীয় ব্যাংক তা যাচাই করে দেখে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টতার ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে গ্রাহকসেবা-সংক্রান্ত অভিযোগ এলে প্রথমে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে। প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল সরেজমিনে শাখা পরিদর্শন করে বিষয়টি তদন্ত করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।