কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসার প্রসার, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি খাতকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে গাইবান্ধায় ‘কৃষি সমৃদ্ধি প্রকল্প’-এর আওতায় মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণধানঘড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
‘কৃষি কানেক্ট (KRISHI CONNECT)’-এর আওতায় আয়োজিত সভায় কৃষিভিত্তিক ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন, অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপ ব্যবহারের মাধ্যমে কৃষি খাতের প্রসার এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিশেষভাবে মৎস্য খাদ্য, গবাদিপশুর খাদ্য, পোল্ট্রি খাদ্য ও ভেড়ার খাদ্যসহ কৃষি খাতের বিভিন্ন ব্যবসার সম্ভাবনা ও উদ্যোক্তা উন্নয়নের বিষয় উঠে আসে। পাশাপাশি কৃষক ও উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে কৃষি ব্যবসার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। কৃষির সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটানো গেলে উৎপাদক, উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে কৃষিভিত্তিক ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণেও অনলাইন প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় সভাপতিত্ব করেন হোসনে আরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিয়া প্রাপন অর্ক, প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। এছাড়া নাদিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা কৃষি ব্যবসার সম্ভাবনা, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কৃষি কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আয়োজকরা জানান, ‘কৃষি সমৃদ্ধি প্রকল্প (KRISHI SOMRIDDHI PROJECT)’-এর মূল উদ্দেশ্য হলো কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসার প্রসার ঘটানো, উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তা করা, অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপ ব্যবহারে উৎসাহ দেওয়া এবং কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করা।
প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার স্মাইল টুগেদার পার্টনারশিপ (STP)-এর সহযোগিতায় এবং ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।
