রাজধানী ঢাকায় অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ প্রসঙ্গে তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে।
শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পাওয়া একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়েও সমালোচনা করেন চিফ হুইপ। তাঁর অভিযোগ, দলটির নেতারা বিভিন্ন সময় অশালীন বক্তব্য দিচ্ছেন। এ ধরনের বক্তব্য থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
সরকার গঠনের পাঁচ থেকে ছয় মাসের মাথায় বিরোধী দলের লংমার্চ কর্মসূচি নিয়েও সমালোচনা করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখন অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তাঁর দাবি, প্রতিবারই বিএনপি সংকট থেকে দেশকে টেনে তুলেছে এবং বর্তমান সরকার সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।
বিদ্যুৎ ও গ্যাসসংকট প্রসঙ্গে চিফ হুইপ বলেন, শেখ হাসিনার সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎসংকট দেখা দিয়েছে। বর্তমান সরকার বিদ্যুৎ ও গ্যাসের সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
এ সময় দেশে দুই বছর হামের টিকা দেওয়া হয়নি বলে উল্লেখ করেন নূরুল ইসলাম মনি। তাঁর ভাষ্য, সময়মতো হামের টিকা না দেওয়ার কারণে বর্তমান সরকারকে এর পরিণতি মোকাবিলা করতে হচ্ছে।


