ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারুণ্যের ভবিষ্যৎ বদলাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বড় সংস্কার পরিকল্পনা: মাহদী আমিন

Link Copied!

দেশের তরুণ প্রজন্মের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো, শিক্ষার মান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে বিকেন্দ্রীকরণ এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

Advertisement

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে তিনি এসব কথা বলেন। কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাহদী আমিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ পরিবর্তনের মধ্য দিয়ে দেশের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখা সম্ভব। শিক্ষাবিষয়ক ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিয়েছিলেন। তাঁর মতে, এ বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংস্কার আনা গেলে দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি জাতীয় উন্নয়নেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

Advertisement

তিনি জানান, সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজানোর যে পরিকল্পনা সরকার নিয়েছে, তার অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনও কাজ করছে।

প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিজের স্বপ্ন ও সম্ভাবনা বাস্তবায়নের সুযোগ পাবে এবং রাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে। এ লক্ষ্য অর্জনে জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

Advertisement

আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি ও সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান নিজ নিজ দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বাংলাদেশেও জাতীয় বিশ্ববিদ্যালয়কে এমন মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।

তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও শিক্ষাব্যবস্থার দুর্বলতার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, গত ১৬ বছরে রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষয় তৈরি হয়েছে, তার প্রভাব শিক্ষাব্যবস্থার ওপরও পড়েছে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ও এর নেতিবাচক প্রভাব থেকে রেহাই পায়নি।

গত নয় মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে মাহদী আমিন বলেন, তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ভাষা ও দক্ষতা অর্জন, আনন্দময় শিক্ষার পরিবেশ, খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। এসব উদ্যোগের পাশাপাশি শিক্ষার দুটি মৌলিক লক্ষ্য অর্জনেও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রথমত নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, তাদের এমন দক্ষতা ও যোগ্যতা অর্জনের সুযোগ দিতে হবে, যাতে ভবিষ্যতে নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারে এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সক্ষমতা অর্জন করে।

কলেজ অধ্যক্ষদের দায়িত্বের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ে নীতিমালা তৈরি করলেই শিক্ষার মান নিশ্চিত হবে না। এসব পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা অনেকাংশে নির্ভর করে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের নেতৃত্ব এবং দায়িত্বশীলতার ওপর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার ওপরও গুরুত্ব দেন তিনি। মাহদী আমিন বলেন, অধিভুক্ত কলেজগুলোর মধ্যে কিছু প্রতিষ্ঠান শিক্ষার মান ও সুনামের দিক থেকে অত্যন্ত এগিয়ে রয়েছে। আবার অনেক কলেজে শিক্ষার্থীদের আগ্রহ কম, কোথাও পর্যাপ্ত শিক্ষকও নেই। এ ধরনের অসমতা দূর করে সব প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ২ হাজার ৩০০-এর বেশি প্রতিষ্ঠানে শিক্ষার একটি অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠা করতে চায় সরকার। এ জন্য শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কলেজের ল্যাবরেটরি ও লাইব্রেরির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। শিক্ষকদের নিয়মিত উপস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

অংশীজনদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান, শিক্ষক-শিক্ষার্থীদের কার্যক্রম এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় সামঞ্জস্য আনা সম্ভব হলে দেশের উচ্চশিক্ষা খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সহজ হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে মাহদী আমিন বলেন, বিএনপি সরকারের কাছে এ বিশ্ববিদ্যালয় বিশেষ গুরুত্ব বহন করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগেই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। মিরপুরের যে ইনডোর স্টেডিয়ামে সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে, সেটিও তাঁর সময়েই নির্মিত হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

সরকারের শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন হবে। প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থীও যেন নিজের স্বপ্ন পূরণের সুযোগ পায়, সে ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শক্তির উৎস জনগণ। জনগণের দেওয়া ম্যান্ডেট কাজে লাগিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা এবং সাধারণ মানুষের জন্য শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

শিক্ষাক্ষেত্রে সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের কথাও তুলে ধরেন মাহদী আমিন। তিনি বলেন, জিয়াউর রহমান এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করেছিলেন, যেখানে প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সব জায়গায় মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে। আধুনিক যোগাযোগ ও প্রযুক্তির সুবিধা সীমিত থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার সুযোগ পৌঁছে দিয়ে সেই লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসেনসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর দুই হাজার ৩০০-এর বেশি অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar