‘সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আফাজ উদ্দিন। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোকসেদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরিফুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।
বক্তারা বলেন, সমবায় আর্থসামাজিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং নারী ও তরুণদের স্বাবলম্বী করা সম্ভব। এ জন্য সমবায় সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করলে ব্যক্তি, পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সমবায়ের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।


