নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ লালন একাডেমিতে মহাত্মা ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বুধবার রাতে জালালাবাদ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন লালন একাডেমির প্রতিষ্ঠাতা, নাটোরের সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) শাহিনা খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজাহার আলী, জেলা লালন একাডেমির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মোঃ মেহেদী হাসান, কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম মাস্টারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের পরিবারের সদস্য ও লালনভক্তরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধন শেষে লালন দর্শন ও তাঁর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে রাতে নাটোরের বিভিন্ন উপজেলার বাউল শিল্পীদের অংশগ্রহণে লালন সাঁইজির ভাবসংগীত পরিবেশন করা হয়।
তিন দিনব্যাপী এ আয়োজনে লালনভক্ত ও বাউল শিল্পীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ফকির লালন শাহের জীবন, দর্শন ও মানবতাবাদী চিন্তাধারা তুলে ধরা হচ্ছে।


