নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ১৮ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার জবের প্রামাণিকের ছেলে মান্টু মিয়া (৫৫) ও তার স্ত্রী নারগিছ খাতুন (৫০)।
লালপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নারগিছ খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার নারগিছ খাতুনের বিরুদ্ধে লালপুর থানায় ২০২১ ও ২০২৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। তার স্বামী মান্টু মিয়ার বিরুদ্ধেও ২০২৩ সালে একই আইনে একটি মামলা রয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।


