রাঙামাটিতে এডিসি কলোনী নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ছবক ও পাগড়ি প্রদান করা হয়েছে।
সোমবার সকালে শহরের তবলছড়ি এডিসি কলোনী এলাকার মাদ্রাসা প্রাঙ্গণে হিফজ সমাপনী এবং নূরানী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছবক ও পাগড়ি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি কলোনী নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাজী মো. শরিয়ত উল্লাহ, রাঙামাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার মো. নূর নবী, মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মো. জাহিদুল্লাহ, সহকারী শিক্ষা পরিচালক মাওলানা হাবিবুর রহমান, হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মুজিবুর রহমান, নূরানী বিভাগের শিক্ষক মাওলানা মো. শহীদুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালামসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে নূরানী দ্বিতীয় বর্ষের ২৮ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ছবক প্রদান করা হয়। পরে হিফজ সম্পন্ন করা তিন শিক্ষার্থীকে সম্মাননা জানিয়ে শিক্ষক ও অতিথিরা তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেন।
বক্তারা বলেন, শিশুদের শৈশব থেকেই পবিত্র কোরআন ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা প্রয়োজন। ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও আদর্শ জীবন গঠনের পথ আরও সুদৃঢ় হবে।
তারা শিক্ষার্থীদের ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাফল্য, সুন্দর ভবিষ্যৎ ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


