দারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণীর নাম প্রীয়ন্তী সরকার চিত্রা (২২)। তিনি রংপুর সদরের সাতগাড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন ব্যবসায়ী। গত বছরের আগস্ট মাসে একটি টেলিগ্রাম আইডি থেকে তার মোবাইলে বার্তা পাঠিয়ে পার্টটাইম চাকরির প্রস্তাব দেওয়া হয়। নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন পর্যটনকেন্দ্রের ইতিবাচক রেটিং দেওয়ার বিনিময়ে প্রতিদিন ৮০০ থেকে আড়াই হাজার টাকা আয়ের কথা জানানো হয়। কাজের পারিশ্রমিক হিসেবে প্রথমে কিছু টাকাও পাঠানো হয় তাকে।
পরবর্তী সময়ে ওই ব্যবসায়ীকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়। সেখানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে এক লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। গ্রুপের অন্য সদস্যের টাকা জমা দেওয়ার ভুয়া স্লিপ দেখে আশ্বস্ত হয়ে ওই ব্যবসায়ী ২০২৫ সালের ২২ আগস্ট থেকে বিভিন্ন ধাপে সর্বমোট ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা পাঠান। তবে পরবর্তীতে প্রতিশ্রুত মুনাফা বা মূলধন না দিয়ে আরও টাকা দাবি করা হলে প্রতারণার বিষয়টি সামনে আসে। এরপর ভুক্তভোগী ব্যবসায়ী আদালতে মামলা দায়ের করেন।
সিআইডির তদন্তে জানা যায়, বাদির বিশ্বাস অর্জনে প্রথমে প্রীয়ন্তী সরকার চিত্রার নিবন্ধিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকেই ভুক্তভোগীকে পারিশ্রমিকের টাকা পাঠানো হয়েছিলো। সিআইডি জানায়, ওই মামলায় প্রীয়ন্তী ছাড়াও ইতিমধ্যে আরও ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে, যাদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অনলাইনভিত্তিক কাজ বা সামাজিক মাধ্যমে আকর্ষণীয় আয়ের প্রলোভনে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহবান জানিয়েছে সিআইডি


