জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে তাদের সাক্ষাৎ হয়। মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন ডা. জুবাইদা রহমান।
হোয়াইট হাউসের উদ্যোগে মেলানিয়া ট্রাম্পের ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ কর্মসূচিকে ঘিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা অংশ নেন।
‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ বাড়ানো এবং তাদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করা। কর্মসূচিতে শিশুদের শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ গঠনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ বৈশ্বিক সম্মেলনেও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। ওই সম্মেলনে ৪৫টির বেশি দেশের ফার্স্ট স্পাউস ও নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
মার্চের সম্মেলনে ডা. জুবাইদা রহমান শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির নিরাপদ ব্যবহারের বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।
২২ সেপ্টেম্বর নিউইয়র্কের অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প জানান, ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগে এখন ৫৭টি দেশ যুক্ত হয়েছে। শিশুদের প্রযুক্তি ও শিক্ষার মাধ্যমে এগিয়ে নেওয়াই এই বৈশ্বিক উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি।
