গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিংড়ি মাছে জেল মিশিয়ে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাছ বিক্রেতাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশীদ ইরাম খান এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর পাছপাড়া গ্রামের আকবর ব্যাপারীর ছেলে খয়বর ইসলাম এবং রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপাড়া সিঙ্গা গ্রামের নীলা শেখের ছেলে শফিকুল ইসলাম।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান মঙ্গলবার দুপুরে শহরের মৎস্য বাজারে অভিযান চালান। এ সময় ওই দুই ব্যক্তির কাছে চিংড়ি মাছে জেল মিশ্রণ দেখতে পান। পরে তাদের আটক করে উপজেলা মৎস্য অফিসে নিয়ে আসা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে ১৫ দিনের কারাদণ্ডের বিধান রাখা হয়। তবে দণ্ডপ্রাপ্তরা তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করায় তাদের খালাস দেওয়া হয়।
