চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করা হবে। তবে ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
মীর শাহে আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য।
এদিকে স্থানীয় সরকারের সব অফিস, দফতরসহ সংশ্লিষ্ট বিভাগের ভবনের ছাদে বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল বসানো হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এর আওতায় ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানো হবে। এতে ব্যয় হবে ৩৭০ কোটি টাকা।
প্রতিমন্ত্রী জানান, আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ছাদে বসানো এসব সোলার প্যানেল থেকে মোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এর মধ্যে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিষ্ঠানগুলো নিজেরা ব্যবহার করবে এবং বাকি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করবে।
