ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে কমিটিগুলো গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি এসব কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে থাকছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, কিশোরগঞ্জ-২ আসনের অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, চট্টগ্রাম-৯ আসনের মোহাম্মদ আবু সুফিয়ান, নওগাঁ-৩ আসনের মোহাম্মদ ফজলুল হুদা, সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামান কামরুল, সংরক্ষিত মহিলা আসন-৫০-এর মোসাম্মদ নুসরাত তাবাসসুম জ্যোতি, বাগেরহাট-২ আসনের শেখ মঞ্জুরুল হক রাহাত এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান।
সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদান এবং সরকারের কর্মকাণ্ডে সংসদীয় নজরদারি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এদিকে, একই দিনে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি বিষয়ক, খাদ্য, প্রাথমিক ও গণশিক্ষা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, মৎস্য ও প্রাণিসম্পদ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন ও পুনর্গঠন করা হয়েছে।
