মাদকমুক্ত সমাজ গঠন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নারীদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রীতি নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ শুরু হয়। চাকরিজীবী কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত খেলায় সরকারি শিশু পরিবার (বালিকা) গাইবান্ধা মহিলা দল ও গাইবান্ধা ফুটবল একাডেমি মহিলা দল অংশ নেয়। খেলায় গাইবান্ধা ফুটবল একাডেমি মহিলা দল জয়লাভ করে।
খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ মুহূর্ত উপভোগ করেন উপস্থিত দর্শকরা। নারী ফুটবলকে ঘিরে দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী ও চাকরিজীবী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হাদী সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ। সঞ্চালনায় ছিলেন চাকরিজীবী কল্যাণ সংস্থার সদস্য সচিব মো. শফিউল ইসলাম।
এ সময় আয়োজক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচি ও নারী ফুটবল ম্যাচের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, পরিবেশ রক্ষা এবং তরুণ-তরুণীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের বার্তা দেওয়া হয়।
