ঢাকাWednesday , 23 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে তরুণ সাংবাদিকদের সুযোগ না পাওয়ার অভিযোগ, বিক্ষোভের পর ডিসির আশ্বাস

Link Copied!

গাইবান্ধায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচিতে মাঠপর্যায়ে কর্মরত তরুণ ও নতুন সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে। প্রশিক্ষণার্থী নির্বাচনে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করার দাবিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) গাইবান্ধা সার্কিট হাউসের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন একদল তরুণ সাংবাদিক। পরে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি শেষ করেন তাঁরা।

Advertisement


গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারী সাংবাদিকরা। তাঁদের অভিযোগ, বছরের পর বছর ধরে একই ব্যক্তিরা বারবার প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। অথচ মাঠপর্যায়ে নিয়মিত সংবাদ সংগ্রহে নিয়োজিত অনেক নতুন ও তরুণ সাংবাদিক প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।


বিক্ষোভকারী সাংবাদিকদের দাবি, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন এমন কয়েকজন কর্মরত সাংবাদিককে বাদ দিয়ে অন্যদের প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, এবারের তালিকায় আগে একাধিকবার প্রশিক্ষণ নেওয়া কয়েকজন প্রবীণ সাংবাদিক, একই পরিবারের একাধিক সদস্য এবং সাংবাদিকতার সঙ্গে নিয়মিতভাবে সম্পৃক্ত নন—এমন ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষক ও কাপড় ব্যবসায়ীসহ কয়েকজনের নাম তালিকায় রয়েছে বলেও দাবি করেন তাঁরা। এ নিয়ে প্রকৃত কর্মরত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

Advertisement


তরুণ সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু প্রশিক্ষণার্থী নির্বাচনে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করা না হলে এর মূল উদ্দেশ্য ব্যাহত হবে। যাঁরা ইতোমধ্যে একাধিকবার প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের পুনরায় সুযোগ দেওয়ার পরিবর্তে নতুন ও তরুণ সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ বাড়ানো প্রয়োজন।
বিক্ষোভ চলাকালে জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে প্রতিবাদ জানান সাংবাদিকরা। তাঁদের দাবি, প্রশিক্ষণার্থী নির্বাচনে মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের কাজ ও অভিজ্ঞতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।


অভিযোগের বিষয়ে জেলা তথ্য অফিসের কর্মকর্তা ইশতিয়াক আহমাদ আবীর বলেন, ‘আমাকে যেটুকু নির্দেশনা দেওয়া হয়েছে, আমি সেটুকুই করেছি। এ বিষয়ে আরও কিছু জানার থাকলে যাচাই-বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলতে পারেন।’

Advertisement


এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন জেলা তথ্য অফিসের মাধ্যমে করা হয়েছে। এটি প্রেস কাউন্সিলের একটি কর্মসূচি এবং প্রশিক্ষণের জন্য সংশ্লিষ্টরা নির্ধারিত ভেন্যুতে আসছেন। তবে প্রশিক্ষণার্থীদের বাছাই জেলা প্রশাসনের করার কথা নয় বলেও জানান তিনি।

এদিকে, বিক্ষোভের বিষয়টি গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের নজরে এলে তিনি বিক্ষুব্ধ তরুণ সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় ভবিষ্যতে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মসূচিতে তরুণ ও কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে আগে প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিরা যেন পুনরায় একই সুযোগ না পান, সে বিষয়টিও বিবেচনা করার কথা জানান।


জেলা প্রশাসকের আশ্বাসের প্রতি সম্মান জানিয়ে বিক্ষোভকারী সাংবাদিকরা তাঁদের কর্মসূচি স্থগিত করে সার্কিট হাউস ত্যাগ করেন। তাঁরা জানান, জেলার অভিভাবক হিসেবে জেলা প্রশাসকের প্রতি সম্মান এবং তাঁর দেওয়া আশ্বাসের প্রতি আস্থা রেখেই আপাতত কর্মসূচি শেষ করেছেন। তবে ভবিষ্যতে প্রশিক্ষণার্থী নির্বাচনে স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের বিষয়টি বিবেচনা করবেন তাঁরা।


উল্লেখ্য, বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ ও কর্মশালায় সাধারণত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতার নীতিমালা, আচরণবিধি, দায়িত্বশীল সাংবাদিকতা এবং অপসাংবাদিকতা প্রতিরোধসহ পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। সাংবাদিকদের প্রত্যাশা, এসব প্রশিক্ষণে প্রকৃত কর্মরত ও নতুন প্রজন্মের সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্বচ্ছ ও ন্যায়সংগত বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।