ত্রয়োদশ জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটির নেতৃত্বে নতুন দায়িত্ব পেয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন। তাকে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধি অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো—কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সংবিধান ও সংসদের কার্যপ্রণালি-বিধির বিধান অনুযায়ী সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলো গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।
সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৫ বিধি অনুযায়ী ২৪৪ বিধিতে উল্লেখিত দায়িত্ব পালনের জন্য আট সদস্যের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি হয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন—বগুড়া-৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের মো. জাহিদুর রহমান, জামালপুর-৫ আসনের শাহ মো. ওয়ারেশ আলী মামুন, নওগাঁ-১ আসনের মো. মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-৩ আসনের মো. মাহবুবুল আলম, মহিলা আসন-৩৭-এর নূরুন্নিসা সিদ্দীকা এবং সাতক্ষীরা-৪ আসনের জি এম নজরুল ইসলাম।
অন্যদিকে, ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এ ছাড়া ১০ সদস্যের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশাকে।
নাগরিকদের বিভিন্ন পিটিশন পর্যালোচনা এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য গঠিত ১০ সদস্যের পিটিশন কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
