ঢাকাWednesday , 11 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি স্কুলে ভর্তির ফি কত, কোন শ্রেণিতে কী পরীক্ষা—জানাল নতুন নীতিমালা

Link Copied!

বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা, বিভিন্ন শ্রেণিতে আসনসংখ্যা, ভর্তি পরীক্ষার পদ্ধতি, আবেদন ফরমের মূল্য ও ভর্তি ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

Advertisement

নীতিমালা অনুযায়ী, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসারে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি তারিখে কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম হতে হবে। অর্থাৎ, ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত শিথিলতা দেওয়া হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।

Advertisement

কোন শ্রেণিতে কীভাবে ভর্তি

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বাধ্যতামূলকভাবে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। একই সঙ্গে নির্বাচিত শিক্ষার্থীদের সমসংখ্যক অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে।

Advertisement

অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে।

ভর্তি পরীক্ষার মানবণ্টন নির্ধারণ করা হয়েছে এভাবে—

  • দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি: পূর্ণমান ৫০। বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিত ২০ নম্বর। পরীক্ষার সময় ১ ঘণ্টা।
  • চতুর্থ থেকে নবম শ্রেণি: পূর্ণমান ১০০। বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিত ৪০ নম্বর। পরীক্ষার সময় ২ ঘণ্টা।

আবেদন ফরমের মূল্য ও ভর্তি ফি

নীতিমালা অনুযায়ী, অনলাইনে প্রথম শ্রেণির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম বিতরণের জন্য ন্যূনতম সাত কার্যদিবস সময় দিতে হবে।

ভর্তি ও সেশন চার্জসহ সর্বসাকুল্যে ফি নির্ধারণ করা হয়েছে—

  • মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা।
  • পৌর (উপজেলা) এলাকায় সর্বোচ্চ ১ হাজার টাকা।
  • পৌর (জেলা সদর) এলাকায় সর্বোচ্চ ২ হাজার টাকা।
  • ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় সর্বোচ্চ ৩ হাজার টাকা।

ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আংশিক এমপিওভুক্ত বা এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে। এর মধ্যে উন্নয়ন ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

যেসব কোটায় আসন সংরক্ষিত থাকবে

নীতিমালায় বিভিন্ন শ্রেণিতে মোট আসনের বিপরীতে সংরক্ষিত কোটার হারও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে—

  • মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ।
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ।
  • এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১ শতাংশ।
  • শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ।
  • সহোদর বা সহোদরদের জন্য ৩ শতাংশ।
  • যমজ ভাই বা বোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

নতুন এ নীতিমালার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা ও অভিন্ন পদ্ধতি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar