জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত সংকট এবং উপকূলীয় অঞ্চলের বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরতে বাগেরহাটের শরণখোলায় সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শরণখোলা মডেল মসজিদের হলরুমে ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ (অ্যাকসেস)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালার মূল বিষয় ছিল জলবায়ু ও পরিবেশবিষয়ক সাংবাদিকতা, জলবায়ু নিয়ে গল্প বলা, মাঠপর্যায়ে প্রতিবেদন তৈরি এবং অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধি।
খুলনাভিত্তিক সামাজিক উন্নয়ন সংস্থা উত্তরণের ‘অ্যাকসেস’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে ‘জলবায়ু গল্প বলার শিল্প’ (The Art of Climate Storytelling) শীর্ষক সেশন পরিচালনা করেন উপকূলীয় ও জলবায়ুবিষয়ক স্বাধীন অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।
দিনব্যাপী প্রশিক্ষণটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে উপকূলীয় অঞ্চলে জলবায়ু সাংবাদিকতার গুরুত্ব, জলবায়ুবিষয়ক তথ্য উপস্থাপন, মাঠপর্যায়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া ভিডিও স্টোরি প্রদর্শনের পাশাপাশি চলমান জলবায়ু সংকট নিয়ে দলগত অনুশীলন পরিচালনা করা হয়।
প্রশিক্ষণের দ্বিতীয় পর্বে বাংলাদেশে জলবায়ুবিষয়ক সংবাদ পরিবেশনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়। এ সময় অংশগ্রহণকারী সাংবাদিকদের মানসম্মত স্টোরি পিচ তৈরি, প্রতিবেদন পরিকল্পনা, অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি দলগত কাজ ও উপস্থাপনার মাধ্যমে অর্জিত ধারণাগুলো অনুশীলন করেন অংশগ্রহণকারীরা।
পরিশেষে মুক্ত আলোচনা ও অংশগ্রহণকারী সাংবাদিকদের মতামত গ্রহণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়।
মাইগ্রেশন ইয়ুথ ডেভেলপমেন্ট অফিসার রঞ্জন নিকোলাসের সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে উত্তরণের সহকারী প্রোগ্রাম অফিসার (এপিও) আরাফাত হোসেন সার্বিক সহযোগিতা করেন। প্রশিক্ষণে শরণখোলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।


