ঢাকাTuesday , 20 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে ধর্মসভা মন্দিরে তারেক রহমান, সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়ার আহ্বান

Link Copied!

শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে রংপুরের ঐতিহাসিক ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড়ে অবস্থিত ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে পৌঁছালে মন্দির কমিটি ও স্থানীয় নেতারা তাকে স্বাগত জানান। পরে তিনি মণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ভক্তদের অনুরোধে তাদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।

মন্দিরে আয়োজিত শুভেচ্ছা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যায়ে সব ধর্ম, মত ও শ্রেণি-পেশার মানুষ সম্মিলিতভাবে ভূমিকা রেখেছেন। এই ঐক্যের ধারাবাহিকতা বজায় রেখেই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

Advertisement

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানুষ ধর্মীয় পরিচয় বিবেচনা না করে দেশকে স্বাধীন করার জন্য একসঙ্গে লড়াই করেছেন। পরবর্তী সময়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও বিভিন্ন ধর্মের মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজপথে নেমে এসেছিলেন।

তারেক রহমান বলেন, হাজার বছর ধরে বাংলাদেশের মানুষ বিভিন্ন ধর্মীয় পরিচয় নিয়ে পাশাপাশি বসবাস করে আসছেন। ভবিষ্যতেও যেন সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সেটিই তার প্রত্যাশা।

Advertisement

তিনি বলেন, “এই দেশটি হাজার বছর ধরে সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে চলছে। শান্তিতে আমরা সকলে মিলে বসবাস করছি। আমরা চাই, আগামী হাজার বছরেও যেন আমরা একসঙ্গে শান্তিতে বসবাস করতে পারি।”

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্ম ও মতের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেও সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সরকার দেশের সব মানুষের জন্য কাজ করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি—সরকার সবার। দেশের অর্থনৈতিক সামর্থ্য বিবেচনায় নিয়ে সব এলাকার উন্নয়নে ভারসাম্য বজায় রাখার কথাও জানান তিনি।

রংপুর মহানগরীর উন্নয়নে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অনুষ্ঠানে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, গ্রাম ও স্থানীয় পর্যায়ে সেতু-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে মানুষের কাছে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করতে চায়। এসব উদ্যোগ বাস্তবায়নে পারস্পরিক বিভেদ ভুলে সবাইকে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, সরকার সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে চায়। তবে সাম্প্রতিক সময়ে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা না করার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক মতপার্থক্যের কারণে যেন মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, সন্তানদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান ব্যাহত না হয়, সেদিকে সবাইকে নজর রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা চায় উল্লেখ করে তিনি বলেন, সরকার সে লক্ষ্যেই কাজ করতে চায়।

হিন্দু সম্প্রদায়ের সদস্যদের শুভ নবমীর শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু ও সাধারণ সম্পাদক খোকন সরকার প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী মন্দির কর্তৃপক্ষকে ১০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। মন্দিরের পেছনে হোস্টেলের মতো একটি অবকাঠামো নির্মাণের বিষয়ে আর্থিক সহযোগিতার সম্ভাবনা পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানবাহিনীর একটি বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা তাকে স্বাগত জানান। পরে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রাকালে তারাগঞ্জ ও পাগলাপীরে আয়োজিত দুটি পথসভায় বক্তব্য দেন তিনি।

পথসভায় তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করার কথাও তুলে ধরেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম রংপুর সফর বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত তথ্য ও বক্তব্য Bangladesh Nationalist Party-BNP-এর ফেসবুক ভেরিফায়েড পেজে প্রকাশিত পোস্ট থেকে নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar